মানুষের যার যা প্রয়োজন সব ৩১ দফায় আছে
বাংলাদেশের প্রতিটি নাগরিক, ছাত্র-ছাত্রী, প্রবীণ-নবীন, প্রত্যেকটা মানুষের যার যা প্রয়োজন সব বিএনপির ৩১ দফার মধ্যে আছে বলেছেন বিজিএমইএর ও জেলা বিএনপির সভাপতি, চুয়াডাঙ্গা -২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
আজ শুক্রবার বিকেলে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে পথসভায় এ কথা বলেন তিনি।
পথসভায় জেলা বিএনপির সভাপতি বলেন, ভাইয়েরা এবং মায়েরা আপনারা জানেন, আজকে আপনারা যারা এখানে এসেছেন, জানেন যে এখানে নির্বাচনী প্রচারণার অংশ। কোন নির্বাচন? কোন নির্বাচন.. যেই নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন.. ঠিক? ভোট দিতে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে আমাদের এই নির্বাচনী প্রচারণা যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, আমরা জানি, এই অন্তর্বর্তীকালীন সরকারের আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা ভোট দিতে যেতে পারব..ঠিক? কারণ স্বৈরাচার পালিয়ে গেছে। এই স্বৈরাচার পালিয়ে গেছে আমাদের দীর্ঘ ১৭ বছরের সংগ্রামে। কীসের সংগ্রাম..আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ক্ষমতায় বিশ্বাসী। আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্লোগান দিতেন সেটি হচ্ছে এই, জনগণই সকল ক্ষমতার উৎস। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, আমাদেরকে আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি, জনগণের পাশে থাকেন, জনগণের কাছে থাকেন। এই জনগণ যে সকল ক্ষমতার উৎস এটা কেনো বলা হচ্ছে... এই জন্য বলা হচ্ছে, জনগণ প্রতি ৫ বছর পর পর সিদ্ধান্ত নেন যে দেশ পরিচালনার দায়িত্বে কারা আসবে।
চুয়াডাঙ্গা -২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরও বলেন, আমরা এই বিগত তিনটি নির্বাচনটি আমরা জনগণ যে রাষ্ট্রের মালিক, সেই মালিকানা কী আমাদের ছিল?..ছিল না। সেই মালিকানা ছাত্র-জনতার জীবনের বিনিময়ে, আমাদের দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের বিনিময়ে সেই মালিকানা আমরা ফিরে পেতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের যেই নির্বাচন হবে, আমি আমার ইচ্ছা মতো ভোট দিতে পারব। আপনিও আপনার ইচ্ছা মতো ভোট দিতে পারবেন।
বিজিএমইএর সভাপতি বলেন, ইচ্চা মতো ভোট দিতে পারা মানে, আপনার দায়িত্ব সঠিক ভাবে পালন করা। আপনার আমার কী দায়িত্ব?.. তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত যাদের অতীতে দেশ পরিচালনার করার অভিজ্ঞতা আছে। তাদের দেশ পরিচালনার করার দায়িত্ব দেওয়া উচিত, যারা এদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাস করে। তাদের কাছে দেশ পরিচালনা করার দায়িত্ব দেওয়া উচিত, দেশ পরিচালনার জন্য যাদের সঠিক পরিকল্পনা আছে। কী পরিকল্পনা, আমাদের নেতা জনাব তারেক রহমান আজ থেকে তিন বছর আগে, রাষ্ট্র সংস্কার, অর্থাৎ দেশ পরিচালনার জন্য দফা গুলো দেওয়া শুরু করেছিলেন। সর্বশেষ ৩১টি দফা দিয়েছি, আমরা যদি জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পায় এই ৩১টি দফা প্রতিটি আমরা পালন করব। আমাদের কাছে আমাদের ৩১ দফা পৌঁছানো হবে। বাংলাদেশের প্রতিটি নাগরিক, ছাত্র-ছাত্রী, প্রবীণ-নবীন, প্রত্যেকটা মানুষের যার যা প্রয়োজন সেই ৩১টি দফার মধ্যে আছে।
পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. শফিউল্লাহ শফি সভায় সভাপতিত্ব করেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিবর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিলটন, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত প্রমুখ।


