ঐতিহ্যবাহী কমরেড মণি সিংহ মেলা উপলক্ষে দুর্গাপুরে উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত
নেত্রকোণার দুর্গাপুরে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সাতদিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় মেলা উদযাপন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেলা উদযাপন কমিটির আহ্বায়ক কমরেড ডা. দিবালোক সিংহ সভাপতিত্ব করেন এবং সাজসজ্জা ও প্রচার উপকমিটির আহ্বায়ক মোরশেদ আলম সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য দেন মেলা উদযাপন কমিটির সম্মানিত সদস্য ও দুর্গাপুরের প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব ঈমাম হাসান আবুচান, যুগ্ম আহ্বায়ক অজয় কুমার সাহা ও আব্দুল্লাহ আল মামুন মুকুল, সমন্বয়কারী কমরেড আলকাছ উদ্দিন, সাংস্কৃতিক উপকমিটির সদস্যসচিব সাংবাদিক তোবারক হোসেন খোকন, এবং স্বেচ্ছাসেবক উপকমিটির সদস্যসচিব বিদ্যুৎ সরকার প্রমুখ।
সভায় আসন্ন মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম, দায়িত্ব বণ্টন এবং উপকমিটিগুলোর কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা ও টংক আন্দোলনের মহানায়ক কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও এই মেলা আয়োজন করা হচ্ছে।


